পঞ্চ মহাযজ্ঞ
পঞ্চ মহাযজ্ঞ
""""""""""""""""""
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
"""""""""""""""""""""""""""""""""""
শোনেন সুধী জন শোনেন দিয়া মন।
শাস্ত্র বিধি তত্ত্ব সুধা করিব বর্ণন।।
সনাতন শাস্ত্র বিধি বলিব বিস্তারি।
শুনিয়া শীতল মন পেয়ে সুধা বারি।।
স্মৃতি শ্রুতি শাস্ত্র নীতি বলিব সভায়।
শুনিলে মনের ভ্রান্তি দূর হয়ে যায়।।
ব্রহ্ম দৈব পিতৃ ভূত আরো যে নৃ-যজ্ঞ।
সনাতনে স্থিতি তাহা জানে না সে অজ্ঞ।।
এই পাঁচটি কর্ম্মকে মহাযজ্ঞ বলে।
পাপ পুণ্য জন্মে তাতে জানিবে সকলে।।
সাত্বিক ভাবেতে যদি যজ্ঞ নাহি করে।
তবেতো নিজের দেহে পাপ ফল ধরে।।
ভিন্ন ভিন্ন পাঁচটি কর্ম্ম দেখিতে পাই।
এক কর্ম্মে অন্য কর্ম্ম করে লাভ নাই।।
বেদাদি পাঠেতে হয় পুণ্য উপজয়।
ব্রহ্মযজ্ঞ বলে তারে শাস্ত্র মাঝে কয়।।
দেবতা পূজায় তাতে পুণ্য লাভ হয়।
দৈবযজ্ঞ বলে তারে শাস্ত্র মাঝে কয়।।
পিত্রাদির শ্রাদ্ধ কর্ম্মে স্বর্গ লাভ হয়।
পিতৃযজ্ঞ বলে তারে শাস্ত্র মাঝে কয়।।
অতিথি সেবাতে হয় পূর্ণ বহু তর।
নৃ-যজ্ঞ বলিয়া তারে বলে ব্যাসবর।।
সনাতনে জন্মে যেবা শাস্ত্র নাহি শোনে।
তার মত পাপী নাই বিশ্ব এ ভুবনে।
ব্রহ্মযজ্ঞ কেহ যদি কভু করে হেলা।
নিশ্চয় জানিবে সে যে যম ঘরে গেলা।।
সনাতনে জন্মে যেবা না পূজে দেবেরে।
তবেতো সে মহাপাপী জগত উপরে।।
দেবতা পূজনে মনে শ্রদ্ধা ভক্তি জাগে।
সে কারণে দেবতা ভজিতে হয় আগে।।
দেবতা পূজনে যদি করে কেহ হেলা।
সেই পাপী যেনে নিও যম ঘরে গেলা।।
পিতৃ বীজে মাতৃ গর্ভে জন্মি পুত্রদ্বয়।
জল পিন্ড শ্রাদ্ধ তর্পণ যদি না করয়।।
তবেতো পাপী লোক সে জগত উপর।
মরণে নরক ভোগ ভোগে বহুতর।।
স্বেচ্ছাচার কর্ম্ম যদি করে কোন ছেলে।
কুসন্তান বলে তারে মানবের মেলে।।
পিতৃঋণে মাতৃঋণে যদি করে হেলা।
জানিও কুপুত্র সে যে যম ঘরে গেলা।।
অতিথি রূপে নারায়ণ বলে শাস্ত্রেতে।
অন্ন দানে পুণ্য লাভ জানিও মনেতে।।
পঞ্চযজ্ঞ যদি কেহ করিতে না চায়।
মৃত্যু পরে সেই পাপী নরকেতে যায়।।
অনিত্য সংসারে যেবা মোহে অন্ধ রয়।
তার কাছে ধর্ম্ম জ্ঞান মিথ্যা মনে হয়।।
অহংমদে মত্ত হৈয়া না পূজে ঈশ্বর ।
ব্রহ্মা বিষ্ণু মানে না মানে না মহেশ্বর ।।
জড়কে প্রভূ ভাবিয়া পূজে টাকা ধনে।
টাকা তার প্রভূ বটে ভাবে মনে মনে।।
সময় থাকিতে কর বিধি মত কাজ্।
বিধি হীন কাজে পায় সমাজেতে লাজ্।।
হরি ভজ হরি চিন্ত হরি কর সার।
সংসারে থাকি পালহ নিজ সদাচার।।
পবিত্র রচিল গীত শাস্ত্র কথা সার।
শুনিয়া পূর্ণিত দেহে হয়ে যাবে পার।
--------------------

Comments
Post a Comment