অধর্ম কথন
অধর্ম কথন
*********
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
***********************
"ছন্দ-পয়ার
শোন শোন হরি ভক্ত শোন দিয়া মন।
ব্যাসের প্রসাদ কিছু করিব বর্ণন।।
সরল ভাষায় আজি বুঝানোর লাগি।
লিখিব পয়ার ছন্দে শক্ত ভাষা ত্যাগী।।
নির্মল মনেতে শাস্ত্র পড়িবে যতনে।
খুঁজিয়া পাইবে ভবে অমূল্য রতনে।।
অনেক ধর্মনিষ্ঠ পুত্র ব্রহ্মা সৃজিলেন।
আরেক অধর্ম পুত্র সৃষ্টি করিলেন।।
সৃজিয়া অধার্মিক পুত্র জগত মাঝে।
পড়িলেন বিপাকে ব্রহ্মা নিজের কাজে।।
জন্মিয়া অধার্মিক পুত্র বিশ্ব সংসারে।
বিধি বাহিরে কর্ম করিল ইচ্ছা ভরে।।
অধর্ম করিল বিয়া মিথ্যা নামে নারী।
তার গর্ভে জন্ম নিল যত ব্যাভিচারি।।
এক পুত্র এক কন্যা জন্মিয়া উদরে।
নিজ কন্যা বিয়া দিল প্রিয় পুত্র বরে।।
দম্ভ পুত্রের নাম মায়া নাম কন্যার।
ভাই বোন দুইয়ের বিভা সমাচার।।
তাদের মিলনে পরে পুত্র কন্যা জন্মে।
লোভ আর শঠতা নামে হয় ভূবনে।।
পুত্র লোভ বিভা করে শঠতা বোনে।
বিবাহ হয় তাদের পরম যতনে।।
তাহাদের মিলনে হয় দুটি সন্তান।
ক্রোধ হিংসা নামে এই দুটি প্রাণ।।
তাহাদের সহযোগে জন্মিল সন্তান।
কলি দুরুক্তি নামের. ভবে কম্পমান।।
তাহাদের সহযোগে জন্মিল সন্তান।
নরক নামেতে তিনি অতি বলবান।।
পরেতে আরেকটি কন্যা জন্মিল উদরে।
যাতনা নামে কন্যার রূপ নাহি ধরে।।
যাতনা নরকে দুয়ে বিবাহ করিল।
পরম আনন্দে কলির দিন চলিল।।
কলিরাজ যত দিন থাকিবে পৃথিবীতে ।
ব্যাভিচার ধর্ম নিন্দা চলিবে জগতে।।
অধর্ম বিনাশে হবে ধর্মের সঞ্চার।
ধর্ম নিষ্ঠা জ্ঞানে সৃজিবে সত্য আবার।।
এই মত অধর্ম কথা করিলাম ইতি।
অধম পবিত্র রচি তত্ত্ব সুধা গীতি।।
যে পড়িবে যে শুনিবে হরি গুণ গান।
অনায়াশে সেই ব্যাক্তি বৈকুন্ঠেতে যান।।
হরি গুণ গান হয় ভব পারে তরী।।
প্রেমানন্দে সবে মিলে বল হরি হরি।।
*******,******

Comments
Post a Comment